জীবন সত্যিই পুতুল খেলা নয়। প্রত্যেকটা সিদ্ধান্ত মানুষকে কবে কোথায় এনে দাঁড় করাবে, কেউ বলতে পারে না তাই। আর এমনি একটা গল্প নিয়েই রাম কমল মুখার্জীর শর্ট ফিল্ম কেকওয়াক। ভুট অ্যাপে রিলিজ করা এই ছবিটির মুখ্য চরিত্রে কামব্যাক করলেন হেমা মালিনি কন্যা এষা। এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হলো তরুণ মালহোত্রার। অন্যান্য বিশেষ চরিত্রে রয়েছেন অনিন্দিতা বসু এবং সিদ্ধার্থ চ্যাটার্জি। ছবির প্রেক্ষাপটে রাম কমলের আপন শহর কোলকাতা, আর মুখ্য চরিত্র, শিল্পা (এষা দেওল) আর পাঁচটা কোলকাতা বসবাসী মেয়ের মতোই শিল্পা ভালোবাসে স্বপ্ন দেখতে, আর পাঁচটা আধুনিক মনা মেয়ের মতই সেও সংসার, ব্যাক্তিগত দায় দায়িত্ব এসব কিছুর ভার নিজের কাঁধে নেওয়ার আগে চায় স্বপ্নগুলোকে নিয়ে একটু বেঁচে নিতে। কিছুতেই বুঝতে পারে না, বিয়ের পর সব আত্মত্যাগ কেন একটা মেয়েকেই করতে হয়। তারপর জীবন যে রকম হয় আর কী, স্বপ্নের তাড়নায় ভেঙে যায় ঘর। তবে এই সব কিছুতে ভেঙে যায় নি শিল্পার স্বপ্ন। কোলকাতার নামি হোটেলের তারকা সেফ শিল্পা এমনি একটা সময়ে আবার মুখোমুখি হয় প্রাক্তন স্বামীর। ( তরুণ মালহোত্রা)। কী হয় তারপর? জানতে হলে তো দেখতেই হবে শর্ট ফিল্ম কেক ওয়াক।তরুণের বর্তমান স্ত্রীর চরিত্রে অনিন্দিতাকে বেশ ভালো লেগেছে। শিল্পার ভুমিকায় এষা দেওল বেশ সাবলীল। কেবল সমস্যা একটাই, ছবিতে বাঙালী চরিত্রে অভিনয় করলেও, তাকে বাঙালী মেনে নিতে বেশ কষ্ট করতে হয়। এমন কী তাঁতের শাড়িতেও যেন বাঙালীয়ানা কোথাও একটা খাদ থেকে যায়। এষার প্রাক্তন স্বামীর চরিত্রে তরুণ মালহোত্রার অভিনয় একটু নড়বড়ে লাগতে পারে। আর তার পাঞ্জাবী স্ত্রীর চরিত্রে অনিন্দিতাকে দেখলেই মনে হতে থাকে বেশ ভালো রকম বাঙালী! যদিও ছবিতে অনিন্দিতার সেভাবে কিছুই করার ছিল না, তাও তার স্ক্রীন প্রেজেন্স বেশ সতস্ফুর্ত। ছবির স্টোরি লাইন যথেষ্ট পোক্ত, এটা বোধহয় ছবিটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আর সোনায় সোহাগা বলতে যা বলা যায় সে দুটো জিনিসের একটা হলো ছবির গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অন্যটা হলো আর্ট ডিরেকশন। বাঙালীর বেড রুম যে বই ছাড়া অসম্পূর্ণ, এই ছবি সে কথা মনে করিয়ে দেয় বারবার। আর বারবার করে শিখিয়ে দেয়, জীবনটার নাম যদি জীবন জেনে এগোনো যায়, তবে বোধহয় ভালো হয়, তাতে উঠা নামার আঘাত গুলো গ্রহণ করা যায় সহজে। জীবন সত্যিই কেক ওয়াক নয়, আর এই এত লড়াই থাকে বলেই বোধ হয় জীবন এত সুন্দর। জীবনের গল্প দেখতে ভালোবাসেন যে দর্শকরা, তাদেরকে অনুপ্রেরণা জোগাবে রাম কমলের ছবি কেকওয়াক। নারী আজো আমাদের সমাজে পুরুষের ভাবনা চিন্তার বোঝাতে কত বার নিজের আত্মত্যাগ দিতে দিতে বাঁচছে, এই ছবি প্রমাণ করে দেয় তাও। সবমিলিয়ে কেকওয়াক একবার দেখে নেওয়াই যায়। ছবিটা আর কিছু করুক বা নাই করুক, জীবন নিয়ে সত্যিই কিছুক্ষণ ভাবাবে।

Gulgal.com is a venture of Ivia Digital Media Pvt Ltd and it is Bengal’s best online entertainment news portal.
Contact us: [email protected]




