ভালোবাসার গল্প, কিন্তু গতানুগতিক প্রেম বা ভালোবাসা যেমনটা হয় ঠিক তেমন নয় কৌশিক ও শ্রেয়ার গল্প। তাদের গল্পের অনেকটাই জুড়ে আছে ত্যাগ, আবেগ ও প্রতিশোধ। যার ফলে স্থায়ী হয় না তাদের সম্পর্ক। বেশ কিছু বছর পর আবার যখন হটাৎ দেখা হয় কৌশিক ও শ্রেয়ার, আবার মাথা নাড়া দিয়ে ওঠে অতীতের সমস্ত তিক্ততা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যা সম্পূর্ণ বদলে দেয় তাদের জীবন। এই রকমই এক ডার্ক রোম্যান্টিক থ্রিলার নিয়েই আসতে চলছে মনোজ মিশিগান পরিচালিত ছবি ‘তৃতীয় অধ্যায়’।
ছবির মুখ্য চরিত্রে আছেন আবীর চ্যাটার্জী ও পাওলি দাম। এছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, অরুণিমা হালদার, ইকবাল সুলতান, অভিজিৎ রায়সহ প্রমুখরা। এমনকি এই ছবিতে অভিনয় করছেন স্বয়ং পরিচালকও। সদ্যই মুক্তি পেয়েছে ছবির পোস্টার। ভালোবাসা মানেই যে শুধু মধুর সম্পর্ক নয়, তার এক অদ্ভূত দৃষ্টান্ত এই পোস্টার। তাই যে ভালোবাসার মানুষকে গোলাপ দেওয়া যায়, সেই মানুষেরই দিকেই বন্দুক তোলাটাও অসম্ভব কিছু নয়। পুষ্পরেখা ইন্টারন্যাশেনাল প্রযোজিত “তৃতীয় অধ্যায়” নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন গুলগালে, আপাতত আপনাদের জন্য রইল ছবির ফার্স্ট লুক পোস্টার।






