অনেকেই বলে থাকেন বাংলা ছবিতে অন্যতম উপাদান হতে পারে বাংলার সাহিত্য। আর সাহিত্যের প্রসঙ্গ উঠলে ভূতের গল্প তো মাস্ট। আট থেকে আশি যে কোনও বাঙালির কাছেই ভূতের গল্প বেশ প্রিয়। কিন্তু আলোচনার শেষে ঘুরে ফিরে সেই একটাই আক্ষেপ, বাংলায় সেভাবে ভূতের গল্প নিয়ে ছবি হচ্ছে কই? তবে এবার হয়তো সময় ধীরে ধীরে বদলাবে বা বলতে পারেন বদলাতে শুরু করে দিয়েছে। কারণ পরিচালক অরিন্দম ভট্টাচার্য তাঁর দ্বিতীয় ছবি তৈরী করেছেন ভৌতিক গল্প নিয়েই। ছবির নাম ‘ফ্ল্যাট নম্বর ৬০৯’।
ছবিতে যে শুধু ভূত নয়, সাথে থাকতে চলেছে ভরপুর রোমাঞ্চ ও সাসপেন্স, তার প্রমাণ ছবির পোস্টার। আজই মুক্তি পেল ছবির পোস্টার, যে পোস্টার আপনার মনের মধ্যে হয়তো জন্ম দেবে অনেক প্রশ্নের সাথে উত্তেজনার, আর সেখানেই কৌতূহল শুরু। কিন্তু এই উত্তেজনা চেপে রাখতেই হবে আজ বিকেল ৫টা পর্যন্ত। আজই ফেসবুক লাইভে লঞ্চ হবে ছবির টিজার, তার জন্য অবশ্যই চোখ রাখুন ছবির অফিসিয়াল পেজে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবীর চ্যটার্জী, তনুশ্রী চক্রবর্তী, সৌমিত্র চ্যাটার্জী, মমতা শংকর, রুদ্রনীল ঘোষ, পূজারিণী ঘোষ, খরাজ মুখার্জী প্রমুখরা।
আবার খবর অনুযায়ী এই ছবিতে মমতা শংকরকে এমন এক লুকে দেখা যাবে যা দর্শক আগে কখনও দেখেননি। শোনা যাচ্ছে মে মাসে মুক্তি পেতে পারে এই সিনেমা। আপাতত টিজারের জন্য দর্শকদের অধীর আগ্রহে অপেক্ষা করাটাই স্বাভাবিক, আপানদের জন্য রইল ‘ফ্ল্যাট নম্বর ৬০৯’ এর অফিসিয়াল পোস্টার…






