রসের রাজা রসগোল্লা সব ঋতুতেই সমান। এতদিন রসগোল্লা আর বাংলা ছবি বলতেই আমাদের মনে পড়ে ‘রক্তেলেখা‘ ছবির ‘কলকাতার রসগোল্লা’ গান, বাপ্পী লাহিড়ীর সুরে কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া গানে দেবশ্রী রায়ের সুপারহিট নাচ। কিন্তু এবার বাংলাছবিতে খোদ রসগোল্লা আবিস্কারের গল্প। রসগোল্লার আবিষ্কর্তা পৃথিবী বিখ্যাত নবীন চন্দ্র দাস। সদ্য বাংলার রসগোল্লা আন্তজার্তিক স্বীকৃতি পাওয়ার পর তিনিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই নবীন চন্দ্র দাসই কমল কুমার মজুমদারের ছড়ায় স্থান পেয়েছেন এভাবে,
‘বাগবাজারের নবীন চন্দ্র দাস/রসগোল্লার কলম্বাস।’
এবার নবীন চন্দ্র দাসের বায়োপিক করছেন পরিচালক পাভেল। ছবির নাম ‘রসগোল্লা‘। পাভেল এর আগে ‘বাবার নাম গান্ধীজি’ ছবিটি পরিচালনা করেছেন। ‘রসগোল্লা‘ পিরিয়ড ফিল্ম। রসগোল্লা আবিষ্কারের গল্প। নবীনচন্দ্র আর ক্ষীরোদমণি দেবীর গল্প। দেখা যাবে বাগবাজার সহ পুরনো কলকাতার গল্প। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশনস্-এর হেঁশেলেই তৈরি হয়েছে ‘রসগোল্লা’। এই ছবিতে নবীন চন্দ্র দাসের চরিত্র অর্থাত্ মুখ্য চরিত্রে অভিনয় করছে চুর্ণী ও কৌশিক গঙ্গোপাধ্যায় পুত্র উজান গঙ্গোপাধ্যায়। এটিই উজানের ডেবিউ ফিল্ম। ট্রেলারেই বোঝা যাচ্ছে উজান কি জান প্রান দিয়ে অভিনয় করেছে। নবীন চন্দ্র দাসের স্ত্রী ক্ষীরোদমণি দেবীর চরিত্রে অবন্তিকা। অবন্তিকা যদিও এর আগে ‘ওটাই Last MMS‘ ছবিতে নায়িকার চরিত্র করেছেন। কিন্তু সেই সাহসী ছবিটি ছোটো বাজেটের ফিল্ম ছিল সেভাবে প্রচার পায়নি। ‘রসগোল্লা‘ বড় ব্যানারের পিরিয়ড ছবি অবন্তিকার নায়িকা সত্তা প্রকাশে। এছাড়া চিরঞ্জিত চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত প্রমুখ অভিনয় করছেন। এছাড়াও আরো চমক এই ছবিতে শুভশ্রী রয়েছেন এক বাঈজীর চরিত্রে। শুভশ্রীর চরিত্রের নাম ‘মালকানজান’। আগেকার দিনের আগ্রার এক বাঈজি তিনি। যার সঙ্গে রসগোল্লার আবিষ্কারক নবীনচন্দ্র দাশের সম্পর্ক ছিল দিদি এবং ভাইয়ের। নবীনচন্দ্রকে দোকান তৈরি করার জন্য টাকাও দিয়েছিলেন মালকানজান। ‘রসগোল্লা‘ মিষ্টির গল্প। মিষ্টি গল্প। প্রেমের গল্প। যা আসছে বড়দিনে।
আসুন দেখে নি এক অন্য রকমের বাংলা ছবি ‘রসগোল্লা‘ র ট্রেলার যা মুক্তি পেল রসগোল্লা দিবসেই।
দেখে নিন ট্রেলার লঞ্চের কিছু মুহূর্ত
Written By – শুভদীপ ব্যানার্জী


