২০১১ সালে “ইচ্ছে” ছবিটির মাধ্যমে শুরু হয়েছিল শিবপ্রসাদ মূখার্জি এবং নন্দিতা রায়ের যৌথভাবে ছবি পরিচালনার কাজ।তাদের ছবিতে বরাবরই আমরা দেখে এসেছি সমাজের নিত্য দিনের নানান সমস্যার বাস্তব রূপান্তর ,যা শুধু মানুষকে আনন্দ দিয়েছে তাই নয়,সাথে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে সমাজের বাস্তবতাকে।গল্প ও অভিনয়ের ওপর ভর করে কিভাবে একের পর এক বৈতরণী পার করে চলেছেন এই জুটি তা সত্যিই আশ্চর্যের।প্রতিবার বছরে একটি করে ছবি পরিচালনা করলেও এইবার তারা একই বছরে নিয়ে এসেছেন তাদের পর পর দুটি ছবি।ইতিমধ্যেই ‘কণ্ঠ’ ছবির সফলতা ও সার্থকতা দুই-ই আমাদের সামনে ।আর তার রেশ কাটতে না কাটতেই এইবার ডিজিটাল সাইটে প্রকাশ্যে এল পরিচালকদ্বয়ের পরবর্তী আগত ছবি ‘ গোত্র ‘র টিসার।
ছবির নাম শুনে আসা করি বুঝতেই পারছেন যে এইবারও তাদের স্টোরি সিলেকশনে কোন পরিবর্তন হয়নি।তবে এই ছবিও কি এক নিখুঁত গল্পের বুনন সাথে কলাকুশলীদের অভিনয়ে বাকি ছবির গুলির মতনই ছুঁয়ে যাবে আমার-আপনার মন !গোত্র ছবির টিজারে খুব সুস্পষ্টভাবে দেখিয়েছে ধর্মে-কর্মে বিশ্বাসী এক মা ,যে কিনা দৈনন্দিন পূজো-আচ্ছা ,পরিবার-পরিজন সকলকে নিয়ে স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিলেন।হঠাৎ করে তার জীবনে এক ঝোড়ো হওয়ার মত আগমন ঘটে এক আগন্তুকের।যার না আছে শিক্ষা,না আছে সঠিক পরিচয়।তবুও তার কথা ও ব্যাবহারে কোন এক সময়ে পালটে যায় সেই কঠোর মায়ের মন।সুতরাং বুঝতেই পারছেন এই ছবিটি আবারও আমাদের সামনে তুলে ধরবে সমাজের আরেকটি অপ্রিয় সত্যকে। মানুষের আসল পরিচয় কখনই তার ধর্ম বা গোত্রে হতে পারে না,বরং মানুষের পরিচয় হওয়া উচিৎ তার কাজ এবং তার ব্যবহারে।


