বিগত কয়েক বছর ধরেই বাংলা সিনেমা রিলিজের একটা গুরুত্বপূর্ণ সময় হয়ে দাঁড়িয়েছে দুর্গা পুজো। ইতিমধ্যে বেশ কয়েকটি পুজো রিলিজের কথা জানা গেছে। কিন্তু সেই তালিকায় একটা ব্যোমকেশ না থাকলে হয় নাকি। দুর্গা পুজো ও গোয়েন্দা গল্প, দুটোকেই উপভোগ করতে বাঙালীর জুড়ি মেলা দায়।
যথারীতি এবারেও আশাহত হবেন না বাংলা সিনেমার দর্শক। আজই যীশু সেনগুপ্ত টুইট করলেন তার আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ব্যোমকেশের পোস্টার। ছবির নাম ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’।
বলাই বাহুল্য পরিচালনায় অঞ্জন দত্ত। এবারে তিনি বেছে নিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘অগ্নিবাণ’। অঞ্জন দত্তের পরিচালনায় এটি যীশু সেনগুপ্তর তৃতীয় ব্যোমকেশ সিরিজ হতে চলেছে। অতএব এবার পুজোয় কাকাবাবুর পাশাপাশি থাকছে ব্যোমকেশও। দেখা যাক দর্শক কোনটা বেশি পছন্দ করেন।







