ভালোবাসা শুধুই একটা শব্দ নয়, তার মানেটা অনেক বেশি। তাই সেই ভালোবাসাটা হয়ে থাকে এক এক জনের এক এক রকমের। কেউ ভালোবাসে একটু ভালোবেসে, আবার কেউ ভালোবাসে একটু রাগ করে। তবে যারা রাগ করে ভালোবাসে, তার একটু বেশিই ভালোবাসে। এইরকমই ভালোবাসার টক-মিষ্টি এক গল্প নিয়ে এসভিএফ’র ব্যানারে আসতে চলেছে তাদের পরবর্তী ছবি ‘ফিদা’।
ছবিটির পরিচালনায় আছেন পরিচালক পথিকৃৎ বসু। ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ও ‘টোটাল দাদাগিরি’র পর এটি তার তৃতীয় ছবি।ছবিটির মুখ্য চরিত্রে আছে টলি পাড়ার জনপ্রিয় মুখ যশ দাসগুপ্ত এবং টলি পাড়ার নতুন এক বঙ্গললনা সঞ্জনা ব্যানার্জী।
সঞ্জনা আদতে একজন মডেল, ইতিমধ্যেই সে বেশ কিছু নামী-দামী ব্রান্ডসের জনপ্রিয়তার সাথে মডেলিংয়ের কাজ করে এসেছে। এইবার সেখান থেকেই এক ধাপ এগিয়ে এই প্রথমবার সিনেমায় তার পাড়ি দেওয়া। ছবিতে সঞ্জনা ওরফে খুশির চরিত্র ভীষণই প্র্যাক্টিকাল এবং জীবনের যে কোন সমস্যাই খুব পরিপক্কভাবে সামাল দেয়। অন্যদিকে যশ ওরফে ঈশানের চরিত্র একেবারেই তার উল্টো। সে খুবই আবেগপ্রবন ও কথায় কথায় রেগে যাওয়া একটা ছেলে। কথায় বলে অপসিটস্ অ্যাট্রাক্টস্, তারই এক গল্প এইবার আমরা দেখতে চলেছি বড়পর্দায়। কিছুদিন আগেই প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক, জানা গেল আগামী ঈদে আসতে চলেছে যশ-সঞ্জনার এই ছবি ‘ফিদা’। তাদের এই আগাম ছবির জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দনতো রইলোই, সাথে আমরা আরো আশা করব সঞ্জনা ব্যানার্জী অবশ্যই খুব ভাল কাজ করবে এবং জয় করবে সকল দর্শকের মন।
