হাসতে কে না চায় বলুন তো ? সেটা স্বভাবে হোক বা প্রয়োজনে, হাসির জন্য দাম দিয়ে খোরাক কিনতেও রাজি একবিংশ শতাব্দীর মানুষজন। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে যায়। আপনারাও হয়তো শুনে থাকবেন, ওই যে রাজ কুমারীর গল্প। রাজার একমাত্র মেয়ে। সুখ, স্বাচ্ছন্দ্য সবই ভরপুর। তবুও রাজকুমারীর মুখে কেউ কোনোদিন হাসি দেখতে পায়নি। এই নিয়ে চিন্তিত রাজা কি না করেন। শেষমেষ তিনি ঘোষণা করেন যে তাঁর মেয়েকে হাসাতে পারবে তার সাথেই রাজকন্যার বিয়ে দেবেন। রাজা তাঁর মেয়ের হাসির জন্য যা কিছু করেছেন তা আপনার-আমার সকলেরই জানা। কিন্তু রাজার জায়গায় আপনি থাকলে কি করতেন ? নতুবা বলুনতো কারোর হাসির জন্য আপনি কতদূর যেতে পারবেন ?
একটু দ্বন্দ্বে পড়ে গেলেন তাই তো ? থাক চিন্তিত হয়ে লাভ নেই। বরং আলাপ সেরে নেওয়া যাক ‘উমা’র সাথে। নিশ্চয় বলবেন উমা কে ?
উমা’ও সেই রুপকথার গল্পের রাজকুমারীর মতোই একটি চরিত্র যার জীবনে হাসির কারণটাই উধাও। পরিচালক সৃজিত মূখার্জী তাঁর কলমে এক বাস্তব ঘটনা থেকে তুলে ধরেছেন উমা’র এই চরিত্রটিকে। মেয়ের হাসির জন্য কতদূর এগিয়ে যেতে পারবে তার বাবা? ছবির প্রেক্ষাপট এটাই। এবং ছবির নামও চরিত্রের সাথে সাবলীল অর্থাৎ ‘উমা’।
উমা’র চরিত্রে আমরা দেখতে পাবো যীশু কন্যা সারা’কে। থাকবেন যীশু সেনগুপ্ত’ও। এছাড়াও রয়েছে রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখরা। পরিচালক সৃজিত মূখার্জী’র হাত ধরেই সিনেমা জগতে ডেবিউ করতে চলেছে সারা এবং তাঁর ডেবিউর পেছনে থাকছে সৃজিত মূখার্জী’র দীর্ঘ দিনের পরিশ্রম, যা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো বড়ো পর্দার এপারে ৮ই জুন।
