বি-টাউনের বিখ্যাত অভিনেতা ইরফান খান এবং টি-টাউনের অভিনেত্রী পার্নো মিত্র এবারে বাংলা সিনেমা করছেন। সিনেমার নাম “ডুব : নো বেড অফ রোজেস”।
এখানেই কিন্তু চমকের শেষ নয়! সিনেমাটা তৈরি হচ্ছে বাংলাদেশে, এবং এটা পরিচালনা করছেন সেখানকার নামজাদা পরিচালক মোস্তাফা সরওয়ার ফারুকি। ভারতের “এস কে মুভিজ” এবং বাংলাদেশের “জ্যাজ মাল্টিমিডিয়া” ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে।
একটি মৃত্যুকে কেন্দ্র করে এই সিনেমার গল্প এগোয়। ভালবাসা, রাগ, অভিমান- সব কিছু নিয়েই এই সিনেমাটা। ইরফান, পার্নো ছাড়াও এই ছবিতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী সহ প্রমুখ শিল্পীদের।
বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের আপত্তির কারনে আটকে গিয়েছে ইরফান-পার্নো মিত্র অভিনীত “ডুব” ছবির মুক্তি। এই সব চরম প্রতিকুলতার মধ্যেই সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে সিনেমার পোস্টার রিলিজ করা হয়েছে। কারন সিনেমার পরিচালক - প্রযোজকরা মনে করছেন যে খুব শীঘ্রই এইসব জটিলতা কাটিয়ে উঠতে পারবে “ডুব”।
আর তাই জন্যই তারা সিনেমার মুক্তির আগে প্রোমোশনের প্রথম স্টেপ হিসেবে সেই সিনেমার পোস্টার প্রকাশ করলেন। এদিকে এই সিনেমার প্রযোজক সংস্থাদ্বয়ও বাংলাদেশের সেন্সর বোর্ডের কাছে আবেদন করেছেন যাতে তারা এই নিষেধাজ্ঞা তুলে নেন। সব কিছু ঠিকঠাক এগোলে সিনেমাটা এ বছর জুনে মুক্তি পেতে পারে বলে আশা করা যাচ্ছে।










